ভিন্নমত কি অপরাধ ?
লেখক : প্রভাষ আমিন , সাংবাদিক
যায়যায়দিন একটি ইতিহাস। বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাস লিখতে গেলে অবশ্যই যায়যায়দিন-এর জন্য আলাদা অধ্যায় রাখতে হবে।
আশির দশকে স্বৈরাচার এরশাদের আমলে, যখন সংবাদপত্রের স্বাধীনতার ধারণাটাই অন্যরকম ছিল, তখন ভিন্ন স্বাদের যায়যায়দিন দিয়ে চমক সৃষ্টি করেছিলেন শফিক রেহমান। যায়যায়দিন-এর মূল বিনিয়োগ ছিল সৃজনশীল আইডিয়া। শুধুমাত্র কন্টেন্ট দিয়ে যে ৩২ পৃষ্ঠার একটি নিউজপ্রিন্টের ম্যাগাজিন পাঠকপ্রিয়তা পেতে পারে, তার উদাহরণ সৃষ্টি করেছিল যায়যায়দিন। পরে এই ধারাটি অনেক শক্তিশালী হয়েছিল। বলা হয়, শুরুতে যায়যায়দিন-এর অফিস ছিল শফিক রেহমানের মাথা আর ব্রিফকেস। তিনি নিজে লিখতেন এবং আইডিয়া দিয়ে লেখাতেন। কিন্তু শফিক রেহমানের হুল সহ্য হয়নি সামরিক সরকারের। যায়যায়দিন বন্ধ হয়ে যায়, দেশছাড়া হন শফিক রেহমান।


